জীবিত ভোটার মৃত! পানিহাটিতে তীব্র বিক্ষোভ

জীবিত ভোটার মৃত! পানিহাটিতে তীব্র বিক্ষোভ

ভোটার তালিকা নিয়ে ফের বড়সড় গরমিলের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। পানিহাটি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইন্দিরানগর এলাকায় একেবারে জীবিত ৪৬ জন ভোটারকে ‘মৃত’ বলে দেখানো হয়েছে এস আই আর তালিকায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অভিযোগ, ওই ৪৬ জনের মধ্যে ৩৭ জনই মহিলা ভোটার, যাঁরা দীর্ঘদিন ধরেই নিয়মিতভাবে ভোট দিয়ে আসছেন। অথচ হঠাৎ করেই তাঁদের নামের পাশে ‘মৃত’ তকমা জুড়ে দেওয়া হয়েছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রয়োজনীয় সমস্ত নথি যথাসময়ে জমা দেওয়া সত্ত্বেও কীভাবে তাঁদের নাম মৃত তালিকায় চলে গেল? তার কোনও সদুত্তর মেলেনি প্রশাসনের তরফে। এর প্রতিবাদেই বৃহস্পতিবার এলাকায় বিক্ষোভ দেখান ভোটাররা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন মহিলারা।বিক্ষোভকারীদের অভিযোগ, এই ধরনের গাফিলতি শুধু তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার সামিল নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার উপরই আঘাত। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয়েছে। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণে হয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে ভোটারদের আশ্বাস দেওয়া হয়েছে, যথাযথ যাচাইয়ের মাধ্যমে বৈধ নামগুলি পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *