কবর খোঁড়াখুঁড়িতে উত্তেজনা, রক্তাক্ত সিউড়ী থানার আইসি!সিউড়ীতে কবরস্থানে খোঁড়াখুঁড়িকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়ে গুরুতর জখম হলেন সিউড়ী থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি কবরস্থানে জেসিবি মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় আচমকাই বেরিয়ে আসে পূর্বে সমাহিত এক মৃতদেহের অবশিষ্টাংশ। এই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে জেসিবি চালককে ঘিরে ধরে মারধর শুরু করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ী থানার পুলিশ বাহিনী। পুলিশের নেতৃত্বে ছিলেন আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও জনতার ক্ষোভ আরও বাড়তে থাকে। অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়। সেইসঙ্গে অন্ধকারের সুযোগ নিয়ে আইসিকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। একটি ইটের টুকরো সরাসরি লাগে আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের কানে ও মাথায়। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত আইসিকে তড়িঘড়ি উদ্ধার করে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কানে গুরুতর ভাবে আহত হয়েছেন। পাশাপাশি মাথাতেও আঘাত লেগেছে। অন্যদিকে, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। গোটা গ্রাম কার্যত ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও এলাকায় চাপা উত্তেজনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কবর খোঁড়াখুঁড়িতে উত্তেজনা, রক্তাক্ত সিউড়ী থানার আইসি!

