কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বরানগরের NILD (ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটরডিসএবিলিটিজ) হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ। যার দরুন এলাকায় চরম অশান্তির ঘটনা। হাসপাতালের বনহুগলী শাখার সামনে বিক্ষোভে সামিল হলেন অবসরপ্রাপ্ত কর্মীরা। তাঁদের অভিযোগ, কোনও রকম আলোচনা না করেই হঠাৎ পেনশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ২০২৬ ও ২০২৭ সালের অর্থ বর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ হল। কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক আগের দিন, অর্থাৎ ৩০ জানুয়ারি রাত দশটা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে একটি নোটিস পাঠানো হয়। তাতে জানানো হয়, ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের পেনশন বন্ধ করা হবে। এই ঘোষণায় চরম উদ্বেগে পড়েছেন বরানগর শাখার ৮৭ জন অবসরপ্রাপ্ত কর্মী। শুধু বরানগর নয়, সারা দেশে এনআইএলডি-র সাতটি শাখায় মিলিয়ে হাজারেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন সরকারি পরিষেবায় যুক্ত থাকার পর অবসরকালীন পেনশনই তাঁদের একমাত্র সহায় সম্বল। সেই পেনশন যদি বন্ধ হয়ে যায় সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়বে। তার ওপর অনেকেই মুমূর্ষ রোগে চিকিৎসা চলছে। তার খরচ ব্যয় সাপেক্ষ। পাশাপাশি বাড়ি ভাড়া এবং নিত্যদিন বাঁচার জন্য যে ন্যূনতম জিনিসপত্রের প্রয়োজন তাও পেনশন এর উপর নির্ভরশীল। পেনশন বন্ধ হয়ে গেলে কোথায় যাব। বিক্ষোপকারীরা আরও জানান, দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। তবে অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি, মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে অবিলম্বে পেনশন চালু করা হোক।
কেন্দ্রীয় হাসপাতালে বন্ধ পেনশন! বিক্ষোভ অবসরপ্রাপ্তদের

