‘সন্ধান পেলে খবর দিন’! বিজেপি বিধায়কের খোঁজে পোস্টার

প্রায় ৫ বছর ধরে নিখোঁজ! গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। সন্ধান পেলে গোঘাটের সাধারণ মানুষকে খবর দিন। এভাবেই বিধায়কের খোঁজে এলাকায় পড়ল পোস্টার। এমনকি নিখোঁজ লেখা পোস্টার হাতে দিনের আলোতেও টর্চ জ্বেলে রাস্তায় বিধায়কের সন্ধান চলছে। পাশাপাশি গোঘাট থানায় বিজেপি বিধায়কের নামে করা হল ‘নিখোঁজ ডায়েরি’।হুগলির গোঘাটে অভিনব প্রতিবাদের ছবি দৃশ্যতই নাগরিকের নজর কেড়েছে। গোঘাটের বকুলতলা থেকে নিখোঁজ প্ল্যাকার্ড ও হাতে টর্চ নিয়ে মিছিল করে গোঘাট থানা পর্যন্ত মিছিল করা হয়। কোনও দলীয় ব্যানারে এই কর্মসূচি না হলেও মিছিলের নেতৃত্বে ছিলেন গোঘাট বিধানসভা তৃণমূলের প্রথম সারির নেতানেত্রীরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষ বিশ্বানাথবাবুকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু সাধারণ মানুষ তাঁর কাছ থেকে ন্যূনতম পরিষেবা টুকু পায় না। ভোটে জেতার পর থেকে তিনি গোঘাট একদিনের জন্যেও আসেননি। তাই এই প্রতিবাদ কর্মসূচি। ভোটের আগে এই অভিনব প্রতিবাদ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রসঙ্গত, ২০১৯ সালে ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দিয়েই ২০২১ বিধানসভা নির্বাচনে গোঘাটে টিকিট পান বাম আমলের বিধায়ক বিশ্বানাথ কারক।২০২১ বিধানসভায় তৃণমূলের মানস মজুমদারকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। তার পর থেকে তাঁকে এলাকায় দেখা যায় না বলে বারবার অভিযোগ তোলে তৃণমূল। এবার ভোট ঘোষণার আগে সেই ইস্যুকে সামনে রেখে ময়দানে নামল তৃণমূল। যদিও বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের দাবি, তৃণমূল ভয় পেয়ে দিশেহারা হয়ে এইসব করছে। এলাকায় থাকি কি থাকিনা তৃণমূলের কাছ থেকে সার্টিফিকেট নেব না। সাধারণ মানুষ সবটা দেখছে আগামীদিনে উত্তর পাবে। তবে বিধায়কের নিখোঁজ পোষ্টারে রাজনৈতিক তরজা তুঙ্গে। ২৬ এর ভোট লড়াইয়ে গোঘাটে শেষ হাসি কে হাসে সেদিকেই নজর আমজনতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *