ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু।পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম সুখেন মাহাতো। বয়স ২৫ বছর। মৃতের বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বান্দডী গ্রামে। গত ১০ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের পুণে শহরের একটি এলাকা থেকে সুখেনের দেহ উদ্ধার হয়েছে। পরদিনই পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছয়। সুখেনের মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া। পরিবারের সদস্যদের দাবি, কাজের সূত্রে পুণেতে যায় সুখেন। সেখানে বাংলা ভাষায় কথা বলতো।তাঁদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাঁকে খুন করা হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও কিছুই সামনে আসেনি। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হোক। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বন্দোবস্ত নিশ্চিত হোক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবিকার তাগিদে কয়েক মাস আগে পুণেতে গিয়েছিলেন সুখেন। সেখানে নির্মাণকার্যে কাজ করতেন তিনি। নিয়মিত বাড়িতে যোগাযোগ রাখলেও ঘটনার আগের কয়েকদিন তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানান পরিজনেরা। এরপরই আসে দুঃসংবাদ। এই মর্মান্তিক ঘটনার পর গতকাল রাতে সুখেনের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাঁরা পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন। আইনি সহায়তার বিষয়টি দেখার কথাও জানান। দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে প্রশাসনিক স্তরেও বিষয়টি উত্থাপন করা হবে। এদিকে পরিবারের তরফে দ্রুত মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ ও মহারাষ্ট্র পুলিশের তদন্তে স্বচ্ছতার দাবি জানানো হয়েছে। সুখেন মৃত্যুর ঘটনায় ফের একবার ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠল।
বাংলা কথায় জীবন শেষ! মহারাষ্ট্রে কাজে গিয়ে সুখেনের বাড়ি ফেরা হলো না

