নির্বাচন যত এগিয়ে আসছে ক্রমে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক থেকে বিরোধী প্রচারে ঝড় আনতে মরিয়া সব শিবির। এরই মাঝে খানিক অস্বস্তির ছবি দেখা গেল তৃণমূল অন্তরে।নিজেদের ‘ক্ষমতাহীন’ বললেন ,পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী! মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। পূর্বস্থলী উত্তরের কর্মী সম্মেলন থেকে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বসুন্ধরা গোস্বামী।
সম্মেলনের মঞ্চ থেকে তিনি বলেন, “একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। আমাদের কোনো ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই! সবকটা ল্যাম্পপোস্ট। একটা ধাক্কা দিলেই সব ল্যাম্পপোস্ট ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। আমাদের কোনো ক্ষমতা নেই।” প্রার্থীর এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত, দলের শীর্ষ নেতৃত্ব সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়-কেই ‘মূল পোস্ট’ হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি এ-ও বোঝাতে চেয়েছেন যে দলের হয়ে কাজ করা নেতাকর্মীদের ব্যক্তিগত কোনো ক্ষমতা বা যোগ্যতা নেই, সবটাই নির্ভর করছে শীর্ষ নেতৃত্বের উপর। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। এটি কি নিছক দলীয় আনুগত্যের বহিঃপ্রকাশ, নাকি প্রার্থীর আত্মসমালোচনা? বিরোধী শিবিরও ইতিমধ্যেই এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। ঘটনাটি ঘিরে পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নির্বাচনের মুখে তৃণমূল প্রার্থীর এমন মন্তব্য মোটেও ভালোভাবে নিচ্ছে না এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা। নির্বাচনে এর কোন বিরূপ প্রভাব পড়বে কিনা আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহল মহল।
একটাই পোস্ট, বাকিরা ল্যাম্পপোস্ট’! তৃণমূল প্রার্থীর মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক!

