শিশু বিভাগে মোবাইল বিস্ফোরণ

শিশু বিভাগে মোবাইল বিস্ফোরণ!বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। যার জেরে তীব্র শিশু বিভাগ জুড়ে তীব্র আতঙ্ক।হাসপাতালের শিশু বিভাগের একটি ওয়ার্ডে হঠাৎই একটি মোবাইল ফোন ব্লাস্ট হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় দেখে যায় বিভাগ চত্বর। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন ভর্তি থাকা শিশুর অভিভাবকরা। ভয়ে শিশু কোলে নিয়ে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণের জন্য হাসপাতাল জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে শিশু বিভাগের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। ফলে জরুরি অবস্থায়ও বহু রোগীর পরিজন বাইরে বেরোতে পারেননি বলে অভিযোগ ওঠে। আতঙ্কের মধ্যে আটকে পড়েন নবজাতক ও ছোট শিশুদের নিয়ে থাকা অভিভাবকরা। কেউ কেউ জানান, দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরিত মোবাইলটি কার ছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গরম বা চার্জিং সংক্রান্ত ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ওই ওয়ার্ডে সাময়িকভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ। অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলেছেন, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় জরুরি পরিস্থিতিতে দরজায় তালা লাগানো কতটা যুক্তিসঙ্গত। তাঁদের অভিযোগ, এতে বিপদের মাত্রা আরও বেড়ে যেতে পারত। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কারও বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *