ডুয়ার্সে হাতির হানায় শ্রমিকের মৃত্যুআবারও ডুয়ার্সে হাতির হানায় মৃত্যুর ঘটনা।আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের সঙ্কোষ চা বাগান এলাকায় বুনো হাতির আক্রমণে মৃত্যু হল সানিয়া ওরাঁও নামে এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় গোটা চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঙ্কোষ চা বাগানের বাসিন্দা সানিয়া ওরাঁও। ভোরবেলা সঙ্কোষ বীটের জঙ্গলে গিয়েছিলেন সানিয়া। ওর সাথে আরও ৪ জন জঙ্গলে যায়। আদিবাসী সম্প্রদায়ের রীতি অনুযায়ী একটি বিবাহ উপলক্ষে পুজোর জন্য কন্দমূল সংগ্রহ করতেই জঙ্গলে ঢোকেন তাঁরা। সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে আসে। হাতিকে দেখে বাকিরা কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচালেও সানিয়া ওরাঁও পালাতে পারেননি। অভিযোগ, বুনো হাতিটি সানিয়ার উপর হামলা চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃত্যুর খবর চা বাগানে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। আতঙ্কিত বাসিন্দারা বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায়শই হাতির যাতায়াত থাকলেও পর্যাপ্ত নজরদারি বা আগাম সতর্কতার ব্যবস্থা নেই। ফলে বারবার মানুষ-হাতি সংঘাতের ঘটনা ঘটছে। বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময় জঙ্গলে যাতায়াত করতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছেন চা বাগানের শ্রমিক ও আদিবাসী বাসিন্দারা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় হাতির গতিবিধির উপর নজরদারি আরও বাড়ানো হবে।স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডুয়ার্সে হাতির হানায় শ্রমিকের মৃত্যু

