বহু দিনের দাবি পূরণ করলো ‘পথশ্রী প্রকল্প’!

বহু দিনের দাবি পূরণ করলো ‘পথশ্রী প্রকল্প’! উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের আরামডাঙ্গা, ভুলোট, জোকা গ্রাম। স্বাধীনতার পর থেকে বেহাল রাস্তার কোনো সংস্করণ হয়নি। সাধারণ মানুষ রাস্তার দাবীতে একাধিকবার বনগাঁ বাগদা রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। পাকা রাস্তার আশ্বাস পেয়ে অবরোধ তুলেছিল আন্দোলনকারীরা। অবশেষে মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের মাধ্যমে দীর্ঘ বছরের প্রতীক্ষার অবসান। পাকা রাস্তা পেতে চলেছে এলাকার বাসিন্দারা। সোমবার আরামডাঙ্গাতে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর , বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা , সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে রাস্তার কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। নারকেল ফাটিয়ে মহিলাদের শঙ্খ ধ্বনি মধ্যে দিয়ে রাস্তার কাজের সূচনা হয়। দীর্ঘ প্রতীক্ষার পরে পাকা রাস্তা হতে চলেছে, আর তাতেই বেজায় খুশি স্থানীয় মানুষ। স্থানীয়দের দাবি আমরা একাধিকবার আন্দোলন করেছি কিন্তু বেহাল রাস্তা সাময়িক সংস্কার হলেও পাকা রাস্তা হয়নি। পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর জানিয়েছে, ‘আমি নির্বাচনের আগে এই রাস্তার দুরাবস্থার কথা শুনেছিলাম। রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছিলাম সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে ৪ কিলোমিটারের একটু বেশি পাকা রাস্তা নির্মাণ করতে ১ কোটি ৮৭ লক্ষ টাকা অনুমোদন হয়েছে । দ্রুত এই রাস্তার কাজ সমাপ্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *