মেয়েকে নিয়ে বাড়ি ফেরা হলো না! কন্টেইনার ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু

মঙ্গলবার রাতে জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। কন্টেইনারের ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুর সালের নেতা। মৃতের নাম লুৎফর রহমান। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি গোশালা মোড় সংলগ্ন জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে বাইকে করে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান। সেই সময় পিছন দিক থেকে আসা একটি কন্টেইনার তাঁদের বাইকে ধাক্কা মারে। অভিযোগ, ধাক্কা মারার পর কন্টেইনারটি বাইকটিকে অনেকটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। দ্রুত তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর মেয়েও গুরুতর জখম হন। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোশালা মোড় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি বিক্ষুব্ধ জনতা পুলিশ গাড়িতেও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় অতিরিক্ত পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনায় শোকের ছায়া নেমেছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বে। দলীয় কর্মী-সমর্থকদের দাবি, জাতীয় সড়কে ভারী যান চলাচলের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ জানিয়েছে, কন্টেইনারটিকে আটক করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *