নবদ্বীপে ‘একলা চলো’ প্রচার। নির্দল প্রার্থী শুভঙ্কর হালদার প্রচার ঘিরে শোরগোল। বদলের ডাক নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন নির্দল প্রার্থী। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে এক ভিন্নধর্মী চিত্র দেখা যাচ্ছে। কোনও দলীয় পতাকা, কর্মী বা বড়সড় প্রচার ছাড়াই একাই লড়াইয়ের ময়দানে নেমেছেন নির্দল প্রার্থী শুভঙ্কর হালদার। পেশায় শিক্ষক শুভঙ্করবাবুর এই ‘একলা চলো’ প্রচার ইতিমধ্যেই এলাকায় কৌতূহল তৈরি করেছে। নবদ্বীপেরই বাসিন্দা শুভঙ্কর হালদার। দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন ও বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে যুক্ত। বর্তমানে শম্ভুনগর প্রাইমারি স্কুলে শিক্ষাগতা করছেন। প্রসঙ্গত রাজনৈতিক জীবনের শুরুতে একসময় বিজেপির ঘনিষ্ঠ হলেও পরে সেই দল থেকে সরে আসেন তিনি। তার বক্তব্য, “বিজেপি কখনোই তৃণমূলের প্রকৃত বিকল্প হতে পারে না।” বরং তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় কোনও বড় দলই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না। এই নির্বাচনে শুভঙ্কর হালদারের প্রচারের ধরন একেবারেই আলাদা। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে এবং স্কুল শেষে বিকেল ও সন্ধ্যায় তিনি নিজেই দু’চাকা বাহনে করে বিভিন্ন পাড়া, দোকান ও বাড়িতে গিয়ে লিফলেট বিলি করছেন। নবদ্বীপের কলাতলা মোড়-সহ বিভিন্ন এলাকায় তাকে একাই মানুষের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তার সঙ্গে নেই কোনও কর্মী, নেই কোনও দলীয় রং বা প্রতীক। শুভঙ্কর হালদার জানান “আমার কাছে কোনও বড় দল নেই, নেই প্রচুর অর্থ। সম্পূর্ণ শূন্য হাতে আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মানুষ যদি মনে করে আমি এই ব্যবস্থাকে বদলাতে পারব, তবেই আমাকে ভোট দেবে।” সব মিলিয়ে, পথে হেঁটে শুভঙ্কর হালদারের এই একক প্রচার নবদ্বীপের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার, তার এই ব্যতিক্রমী উদ্যোগ ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।
নির্দলে দাঁড়িয়ে ‘একলা চলো’ প্রচার! জনতার মনে আদৌ প্রভাব পড়বে!

