মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ! প্রতিবাদে বিধায়কের বাড়ি ঘেরাওনদীয়া জেলার করিমপুর কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তাঁরই বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর ও মুরুটিয়া থানার পুলিশ। অভিযোগের কেন্দ্রবিন্দু মুরুটিয়া থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা এলাকা। সেখানেই বিধায়কের বাসভবন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধায়কের বাড়ির পাশেই রয়েছে একটি বেসরকারি কোচিং সেন্টার। সোমবার বিকেলে টিউশন শেষ করে একদল মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ি ফিরছিল। সেই সময় বিধায়ক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন বলেই অভিযোগ। শিক্ষার্থীদের দাবি, বিধায়কের গাড়ির সামনে পড়ে যাওয়ায় তিনি হর্ন বাজান। কিন্তু রাস্তা সরু হওয়ায় ছাত্রছাত্রীরা দ্রুত সরে যেতে না পারলে তাঁদের উপর চড়াও হন বিধায়ক। অভিযোগ, তিনি গাড়ি থেকে নেমে পরীক্ষার্থীদের মারধর শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর ও মুরুটিয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। সদ্য চলা মাধ্যমিক পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীদের উপর এই ধরনের হামলার অভিযোগে অভিভাবক মহলেও ক্ষোভ তৈরি হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তাঁর দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি কোনও ছাত্রছাত্রীকে মারধর করেননি বলে স্পষ্ট জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
মাধ্যমিক পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ!

