২১ শের ক্ষমতা দখলের ব্যর্থতা ভুলে ২৬ কি পাখির চোখ! আসন্ন ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগাম নির্বাচনী প্রচার শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। যদিও প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি। তবুও মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়দিঘি, কুলপি, মন্দিরবাজার, সাগর ও পাথরপ্রতিমা সহ বিভিন্ন এলাকায় পদ্ম প্রতীক আঁকা এবং স্লোগান লেখার কাজে এগিয়ে রাখছে বিজেপি। বুধবার রায়দিঘির নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষীরমোড় এলাকায় এই দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন বিজেপি পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা। স্থানীয় কর্মীদের সাথে নিয়ে এদিন তিনি নিজেই হাতে তুলি ধরেন। পলাশ রানা জানান, ‘রাজ্যজুড়েই এই কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।’ প্রার্থী সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, ‘বিজেপি কোনও নির্দিষ্ট ব্যক্তির ওপর নয়, আদর্শের ভিত্তিতে লড়ে। আমাদের বড় পরিচয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’ তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করাই এখন বিজেপির প্রধান চ্যালেঞ্জ। নির্বাচনের অনেক আগেই বিজেপির এই তৎপরতা নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় চর্চা শুরু হয়েছে। ২০১১ সালে বাম বিদায়ের পর দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২৬ শের বিধানসভায় কি অন্য সমীকরণ তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনায় কোন ফুল ফুটবে। এই জল্পনা ভোট পর্যন্ত জারি থাকবে।
রায়দিঘিতে পদ্ম ফুটবে! দেওয়াল লিখনে শক্তি প্রদর্শন

