ভগবানগোলায় রহস্য মৃত্যু! ভাড়া বাড়িতে ৪ জনের দেহ উদ্ধার
ভগবানগোলায় ভাড়া বাড়িতে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যু। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের কর্তা মানিক বেপারী, তাঁর স্ত্রী এবং দুই কন্যার দেহ উদ্ধার। বুধবার সকালে ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই ভগবানগোলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার বাসিন্দা মানিক বেপারী প্রায় ১০ মাস ধরে ভগবানগোলার নিমতলা মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি কী পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে প্রতিবেশীদের স্পষ্ট ধারণা নেই। স্থানীয়রা জানায়, মৃত পরিবার তেমন একটা বাইরের কারও সাথে মেলামেশা করত না। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে,মানিক বেপারীর দেহ আলাদা একটি ঘরে পাওয়া যায়।অন্যদিকে স্ত্রী ও দুই কন্যার দেহ উদ্ধার হয়েছে একই ঘর থেকে। দুই কন্যার একজন চতুর্থ শ্রেণি এবং অন্যজন অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। কীভাবে এবং কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।পুলিশ গোটা বাড়িটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না অন্য কোনও নাকি খুন করা হয়েছে ক্ষতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পরিবারের আর্থিক অবস্থা, পারিবারিক সম্পর্ক এবং সাম্প্রতিক কোনও অশান্তি ছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে আসবে।

