ঘাটালে গাছ কাটার টেন্ডার হয়েছে এক গ্রাম পঞ্চায়েতের কিন্তু কেটে নেওয়া হচ্ছে অন্য এক পঞ্চায়েতের গাছ ওয়েব ডেস্ক, উত্তরের কলম,১৮ মার্চ:ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েত এলাকার গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া হয়, কিন্তু সেই গাছ না কেটে কেটে নেওয়া হচ্ছে ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলশ্বর এলাকার একাধিক গাছ। জানাযায়, দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতে প্রায় কুড়িটি কাঠ ও বাসের সাঁকো রয়েছে, সেই সমস্ত সাঁকো দিয়ে নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, সেই সমস্ত সাঁকো মেরামতের জন্য গ্রাম পঞ্চায়েতের ফান্ডে টাকা না থাকার কারণে কয়েকদিন আগে ঘাটালের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের গঙ্গাদাসপুর, সিংহচক ও নারায়ণপুর এলাকার মোট ৭৭৮ টি গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া করে বিক্রয় করার সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত। টেন্ডার হওয়া সেই সমস্ত গাছ কাটার সাথে সাথেই বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে অন্য গ্রাম পঞ্চায়েত তথা ঘাটালের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলশ্বর এলাকার একাধিক গাছ। ঘাটাল ব্লকের বিডিওর কাছে এমনই অভিযোগ করেছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য শম্পা সামন্ত। তিনি জানান, কাগজে দেখলাম গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া হয়েছে দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের। ওই গ্রাম পঞ্চায়েতের এলাকার গাছ কাটার সাথে সাথে বেআইনিভাবে মেশিন দিয়ে কেটে নেওয়া হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত তথা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলশ্বর এলাকার একাধিক গাছ। অবিলম্বে গাছ কাটা বন্ধ হোক সে বিষয়ে আমি বিডিওকে অভিযোগ জানিয়েছি।গাছ কাটার বিষয়ে দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েত প্রধান আসমিনা বিবির স্বামী শেখ ইয়াসিন আলী সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন “আমরা দেওয়াচক এক গ্রাম পঞ্চায়েতের গঙ্গাদাসপুর এলাকার টেন্ডার হওয়া গাছ কাটছি, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলশ্বর এলাকার গাছ কাটছি না”।তবে এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ কর বলেন “দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের কাঠ ও বাঁশের সমস্ত সাঁকো গুলি মেরামতের জন্য ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ফান্ডে টাকা না থাকার কারণে বনদপ্তরের অনুমতি নিয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ বিক্রয় করার টেন্ডার প্রক্রিয়া করা হয় কিন্তু পরে আমরা জানতে পারি ওই গ্রাম পঞ্চায়েতের বর্ডারে বেশ কিছু গাছ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। আমি ছয় এবং সাত নম্বর দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের সঙ্গে বসে সুষ্ঠুভাবে সিদ্ধান্ত নিতে বলেছি”।যদিও এই গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস।
ঘাটালে গাছ কাটার টেন্ডার হয়েছে এক গ্রাম পঞ্চায়েতের কিন্তু কেটে নেওয়া হচ্ছে অন্য এক পঞ্চায়েতের গাছ

